বিটিআরসি'র ২৫ কোটি টাকা ফেরত দিচ্ছে না পদ্মা ব্যাংক
পদ্মা ব্যাংকে (সাবেক ফারমার্স ব্যাংক) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ২৫ কোটি ৪০ লাখ টাকা আটকে আছে। আট বছরের বেশি সময় ধরে টাকা উদ্ধারে দফায় দফায় উদ্যোগ নেওয়া হলেও পুরো অর্থ ফেরত পায়নি সংস্থাটি। সুদসহ বর্তমানে বিটিআরসির মোট পাওনা ৫১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৫৫ টাকা।
বিটিআরসি ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সাবেক ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় ১২টি এফডিআরের বিপরীতে মোট ৩৮ কোটি টাকা জমা রাখে। মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক টাকা ফেরত না দেওয়ায় ৫৬টি চিঠি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে ছয়টি আধা-সরকারি পত্র পাঠায় বিটিআরসি। এছাড়া ব্যাংকটির সঙ্গে ১০ দফা বৈঠকও হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর পাঁচটি এফডিআরের বিপরীতে সুদসহ ১৬ কোটি ১ লাখ টাকা ফেরত পাওয়া যায়। তবে বাকি সাতটি এফডিআরের ২৫ কোটি ৪০ লাখ টাকা এখনও আটকে রয়েছে।
/শান্ত/
