নতুন পে-স্কেলে বাড়ছে যেসব সুবিধা
প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। বিভিন্ন ভাতা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ এবং অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে ৫০ শতাংশ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে। বয়স অনুযায়ী চিকিৎসা ভাতাও ৩ হাজার থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৬ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
সব গ্রেডে মোবাইল ভাতা চালুর পাশাপাশি যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা চালুর সুপারিশ করা হয়েছে, সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধা পাবেন।
পাশাপাশি ঝুঁকি ও বিশেষ ভাতা, পাহাড়ি ও দুর্গম এলাকার ভাতা এবং সামরিক বাহিনীর বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।
তবে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
/শান্ত/
