সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন সুবিধা
সর্বজনীন পেনশন ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ বাড়াতে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে পেনশনারের মৃত্যুর পর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন, স্বাস্থ্যবীমা, বিশেষ প্রয়োজনে ঋণ এবং নির্দিষ্ট শর্তে পুরো অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অনুমোদন ও বিধিমালা সংশোধন করা হলে এক থেকে দুই মাসের মধ্যে নতুন সুবিধাগুলো চালু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান।
বর্তমানে পেনশনারের মৃত্যুর পর নমিনি তার ৭৫ বছর বয়স পর্যন্ত মাসিক পেনশন পান। নতুন প্রস্তাবে নমিনির পরিবর্তে স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার কথা বলা হচ্ছে। একই সঙ্গে পেনশন পাওয়ার বয়স ৬০ থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাবও আলোচনায় আসতে পারে।
/শান্ত/
