মশা নিধন-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
মশা নিধনে ভেজাল কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায়, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদকের ৫ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম ডিএসসিসিতে অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার নামে সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, গত দুই বছরে একটি প্রতিষ্ঠানকে প্রায় ৪৮ কোটি টাকার কীটনাশক সরবরাহের কাজ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কীটনাশকের পরিবর্তে কেরোসিন ব্যবহারের অভিযোগও রয়েছে।
/শান্ত/
