রাশিয়া'র তেল কেনায় ভারতকে ১০০% শুল্কের আওতায় আনার পথে যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি
রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখলে ভারতসহ কয়েকটি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাবসংবলিত একটি বিল এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এর ফলে রাশিয়া'র অন্যতম বড় তেল ক্রেতা ভারত নতুন করে মার্কিন বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিগত ধাপ পেরিয়েছে। দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতা রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়। বুধবার বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে।
তবে বিলটি পাস হলেই ভারতের ওপর স্বয়ংক্রিয়ভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে না। আইনটি কার্যকর হলে ট্রাম্পকে রাশিয়া'র জ্বালানি কিনছে এমন দেশগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে। ভারতের নামও প্রতিনিধি পরিষদের একটি প্রস্তাবিত সংশোধনীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত ওই সংশোধনীতে ভারত ছাড়াও চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম রয়েছে। এসব দেশের ক্ষেত্রে রাশিয়া'র অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা কিংবা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।
ভারতের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে আসছে নয়াদিল্লি। ফলে মস্কো'র জ্বালানি বাণিজ্যে চাপ তৈরির মার্কিন উদ্যোগে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে সামনে এসেছে।
//আইই//
