বিকেএমইএ'র জরিপ
৫৫% নিট পোশাক কারখানার ক্রয়াদেশ বাতিল বা কমেছে
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্রায় ৫৫ শতাংশ নিট পোশাক কারখানায় বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল হয়েছে বা কমেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রকাশিত এক জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে।
২১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিকেএমইএর সদস্য কারখানাগুলোর প্রায় ২০ শতাংশের ওপর এই জরিপ চালানো হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য এলাকার কারখানা রয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান।
জরিপে দেখা গেছে, সংকটের কারণে প্রায় ৬০ শতাংশ কারখানাকে ক্রেতাদের ছাড় দিতে হয়েছে। প্রায় ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। প্রায় ৮৭ শতাংশ কারখানায় পণ্য পাঠাতে দেরি হয়েছে।
এছাড়া প্রায় ৯২ শতাংশ কারখানাকে বিকল্প জ্বালানির জন্য অতিরিক্ত খরচ করতে হয়েছে। একই হারে কারখানায় শ্রম ও কর্মঘণ্টা অপচয় হয়েছে।
জরিপ অনুযায়ী, প্রায় ৫৯ শতাংশ কারখানা ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রায় ৭ শতাংশ কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
// ইমরান//
