জুলাইয়ে বিদেশে বাংলাদেশিদের কার্ডে লেনদেন ৯৮৫ কোটি টাকা
প্রতীকী ছবি।
২০২৬ সালের জুলাইয়ে বিদেশে বাংলাদেশিরা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে ১৭ লাখ ৪৪ হাজার ৩০টি লেনদেন করেছেন। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ৯৮৪ কোটি ৭০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে গত ৫ বছরে দেশে কার্ডের বিস্তার, অভ্যন্তরীণ লেনদেন, বিদেশে বাংলাদেশিদের ব্যয় এবং দেশে বিদেশিদের কার্ড ব্যবহারের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের আগস্টে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৫৫৮টি। ওই সময় ক্রেডিট কার্ড ছিল ১৭ লাখ ৪৬ হাজার ৭৬৩টি এবং প্রিপেইড কার্ড ৯ লাখ ৮১ হাজার ১৫৮টি। সব মিলিয়ে কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৪৭৯টি।
২০২৬ সালের জুলাইয়ে এসে মোট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৪৯৭টি। এর মধ্যে ডেবিট কার্ড ৪ কোটি ৬ লাখ ৩০ হাজার ৪৭৫টি, ক্রেডিট কার্ড ২৭ লাখ ২ হাজার ৬৯৩টি এবং প্রিপেইড কার্ড ৯০ লাখ ৮১ হাজার ৩২৯টি। অর্থাৎ বছরের ব্যবধানে মোট কার্ডের সংখ্যা বেড়েছে ৯৭ শতাংশ।
// ইমরান//
