আন্দোলনের মধ্যেই চুয়েটে নতুন উপাচার্যের যোগদান
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তৃতীয় দিনের মতো শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি চলছে। এর মধ্যে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
শিক্ষার্থীরা গতকাল মানববন্ধন ও সন্ধ্যায় মশাল মিছিল করেন। সংবাদ সম্মেলনে তারা জানান, মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর অধ্যাপক সায়েমকে পরিবর্তনের কারণ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ২১ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারির পর প্রায় তিন হাজার শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে জড়ো হন। এরপর থেকে শাটডাউন, গণ-অবস্থান, বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি চলছে। আন্দোলনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে দাবি তাদের। বিভিন্ন দেশের চুয়েট অ্যালামনাই প্ল্যাটফর্মও আন্দোলনে সংহতি জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে চুয়েট শিক্ষক সমিতিও নতুন উপাচার্যকে নিয়ে আপত্তি জানিয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, আকস্মিক পরিবর্তনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রবিবার থেকে দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতির কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
অন্যদিকে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, তিনি চট্টগ্রাম শহরে থেকেই শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
/শান্ত/
