এসএসসি'র ৫৬ হাজার খাতায় ভুল, প্রশ্নের মুখে মূল্যায়ন
এবার এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১১ শিক্ষা বোর্ডে ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, পুনর্নিরীক্ষণে এক বছরে এত বেশি ফল পরিবর্তনের ঘটনা আগে দেখা যায়নি। কোথাও সঠিক উত্তরে নম্বর না দেওয়া, কোনো উত্তর মূল্যায়ন না করা এবং খাতায় দেওয়া নম্বর নম্বরপত্রে সঠিকভাবে না তোলার মতো ভুলও ধরা পড়েছে।
এবার ১১ বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর ৪ লাখ ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।
সবচেয়ে বেশি নম্বর পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে-২১ হাজার ৬৯টি খাতায়। এ বোর্ডে ৩৩৭ জন ফেল থেকে পাস এবং ৯০৬ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছে, যা সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ।
এদিকে বিপুলসংখ্যক খাতায় নম্বর পরিবর্তনের ঘটনায় প্রথম দফার মূল্যায়নের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, যেসব উত্তরপত্রে ১০ নম্বরের বেশি পরিবর্তন হয়েছে, সেগুলো আলাদাভাবে শনাক্ত করে সংশ্লিষ্ট পরীক্ষকের মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করা হতে পারে।
/শান্ত/
