কবি রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। চিকিৎসার ব্যয় মেটাতে আর্থিক সংকটে থাকা রিফাতকে সহায়তা করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন রিফাত চৌধুরী। গত এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এই শিল্পী সম্প্রতি নিজের আর্থিক সংকটের কথা জানিয়ে চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
রিফাতের পাশে দাঁড়িয়ে জায়েদ খান বলেন, একজন শিল্পীর বিপদে তিনি সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন। অন্য শিল্পীরাও নিজেদের জায়গা থেকে অসুস্থ ও বিপদগ্রস্ত সহকর্মীদের পাশে দাঁড়ালে কাউকে চিকিৎসার খরচের জন্য কষ্ট পেতে হবে না।
রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত এই শিল্পীর চিকিৎসায় জায়েদের সহায়তা কিছুটা স্বস্তি দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
/শান্ত/
