জামালপুরে নির্মিত ইত্যাদির প্রচার আজ
দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের নানা অজানা গৌরবগাথা নিয়ে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে এবারের পর্ব।
এই পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এর সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।
নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম সুঝৌ শহরের নানা চিত্র।
এই ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ। সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকছে তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশও।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
//ইমরান//
