হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড'-এর সেই রইছ
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করা অভিনেতা বিজয় চৌধুরী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পিসিসিইউতে চিকিৎসাধীন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে অভিনেতার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার ভাগ্নের দাওয়াতে সিংগাইর যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয়। পরে দ্রুত ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি হার্ট অ্যাটাক করেছেন।
বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, তার বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তি পায় ১৯৯৭ সালে। সিনেমাটিতে রইছ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান বিজয়। শেষ দৃশ্যে তার আত্মত্যাগের অভিনয় এখনো দর্শকের কাছে স্মরণীয়।
১৯৯৩ সালে ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় বিজয়ের। ‘হাঙর নদী গ্রেনেড’-এর পর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি।
/শান্ত/
