বিয়ের তাগিদ অনুভব করি না, ডিম্বাণু সংরক্ষণ করেছি: রাইমা
মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। একেন ফ্র্যাঞ্চাইজির এই সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী রাইমা সেন। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিজীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
রাইমা জানান, সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা তার দারুণ হয়েছে। অনির্বাণ চক্রবর্তী ও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগও তাকে আগ্রহী করেছে।
সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, এতে তিনি দক্ষিণ ভারতীয় এক নারীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির লুকও দর্শকদের কাছে তার আগের কাজগুলোর তুলনায় ভিন্ন মনে হবে।
সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গেও কথা বলেন রাইমা। তিনি জানান, এই বয়সে এসে বিয়ে করার কোনো তাগিদ অনুভব করেন না। পরিবার থেকে আগে বিয়ের চাপ থাকলেও এখন পরিস্থিতি বিবেচনায় তারাও জোর করে বিয়ে না করার পরামর্শ দেন।
মাতৃত্ব নিয়ে রাইমা বলেন, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে মা হওয়ার বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নন। ভবিষ্যতে ইচ্ছা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
রাইমা আরও জানান, ভবিষ্যতের কথা বিবেচনা করে অনেক আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। তার মতে, শুধু মা হওয়ার জন্য বিয়ে করা জরুরি নয়।
/শান্ত/
