চোখের দৃষ্টিতেই মনের কথা জানেন ফারিন!
ভিন্নধর্মী গল্পের নাটক ‘ইরা সব জানে’-তে এবার দেখা যাবে অভিনেত্রী ফারিন খানকে। প্রেম, ভালোবাসা আর সংগ্রামের গল্পে নতুন এক চরিত্রে হাজির হচ্ছেন তিনি।
নাটকের কেন্দ্রীয় চরিত্র ইরা। তার রয়েছে অদ্ভুত এক ক্ষমতা। কারও চোখের দিকে তাকালেই সে বুঝতে পারে, সেই মানুষের মনের ভেতর কী চলছে। এমনকি না-বলা কথাও ধরতে পারে ইরা।
তবে মানুষের মনের খবর জানলেও নিজের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারেই থাকে সে। শহরে নিজের জায়গা তৈরি করতে সংগ্রাম করা শাহিলের সঙ্গে পরিচয়ের পর বদলে যেতে থাকে ইরার ভাবনা। শাহিল তাকে শেখায়, সব মানুষকে নেতিবাচকভাবে দেখার প্রয়োজন নেই। পৃথিবীর সুন্দর দিকও আছে।
ভিন্নধর্মী এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারিন খান বলেন, গল্পটি তার করা অন্যান্য কাজের চেয়ে আলাদা। গল্পে অপ্রয়োজনীয় সংলাপ নেই। প্রেম-ভালোবাসার পাশাপাশি এখানে আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে।
নাটকে ফারিনের বিপরীতে শাহিল চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী। ‘ইরা সব জানে’ রচনা ও পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হবে।
/শান্ত/
