সালমান শাহর জন্মদিন আজ
নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে যার আগমনে বদলে গিয়েছিল নায়কের সংজ্ঞা, সেই জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। বাংলা চলচ্চিত্রের ‘রাজপুত্র’ হিসেবে পরিচিত এই নায়ক মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি।
১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি চলচ্চিত্রে এসে পরিচিতি পান সালমান শাহ নামে। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই অভিনয় ও পর্দার উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি।
এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সালমান শাহ। শুধু অভিনয় নয়, তার পোশাক, চুলের স্টাইল, কথা বলার ধরন ও ব্যক্তিত্বও নব্বইয়ের তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠে অনুকরণীয়।
সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর।
তবে মাত্র ২৫ বছর বয়সেই থেমে যায় তার পথচলা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন এই স্বপ্নের নায়ক। তার মৃত্যুর কারণ এখনো রহস্যের চাদরে মোড়ানো।
সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু দর্শকের হৃদয়ে সালমান শাহর জায়গাটি আজও অটুট। সিনেমা, গান আর স্মৃতিতে তিনি এখনো বাংলা চলচ্চিত্রের চিরতরুণ এক নায়ক।
//রুশা//
