রিয়াজ কি গোপনে দেশত্যাগ করেছেন?
দীর্ঘদিন ধরে জনসম্মুখের আড়ালে থাকা চিত্রনায়ক রিয়াজ আহমেদকে ঘিরে নতুন করে দেশত্যাগের গুঞ্জন ছড়িয়েছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গোপনে দেশ ছেড়েছেন তিনি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। রিয়াজ বা তার পরিবারের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রিয়াজ দেশ ছেড়েছেন বলে চলচ্চিত্রপাড়ায় আলোচনা রয়েছে। তবে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনা তাদের নজরে আসেনি। তিনি স্থলবন্দর দিয়ে দেশ ছেড়ে থাকতে পারেন।
এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘ অনুপস্থিতির মধ্যে গত ৩ সেপ্টেম্বর জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি মামলায় আগাম জামিন চেয়েছিলেন রিয়াজ। হাইকোর্ট তার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে ফেরত দেন।
এরপর থেকেই তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজের মৃত্যুর গুজবও ছড়িয়েছিলো। পরে তার স্ত্রী সেটিকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন এবং রিয়াজ ভালো আছেন বলে জানিয়েছিলেন।
/শান্ত/
