ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) স্কোর ছিলো ১৮২, যা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ৩৮৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিলো ভারতের রাজধানী দিল্লি। ১৭২ স্কোর নিয়ে ভারতের কলকাতা তৃতীয় এবং ১৬৭ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পাকিস্তানের লাহোর যৌথভাবে চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিলো।
তালিকায় এরপর মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৫৮, বাহরাইনের মানামা ১৫২, মালয়েশিয়ার কুচিং ১৪৯, সিঙ্গাপুর ১৪৯ এবং কাতারের দোহা ১৪২ স্কোর নিয়ে অবস্থান করছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এসব কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে শ্বাসযন্ত্র ও হৃদ্যন্ত্রের নানা সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
বায়ুমান সূচক ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ের বায়ু হিসেবে বিবেচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।
/শান্ত/
