যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
সংগৃহীত ছবি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের মধ্যেই দুই দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, আগামী ১০ নভেম্বর শেষ হতে যাওয়া ‘বুসান চুক্তি’র মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত করা হলো। দুই দেশের মধ্যে বড় কোনো বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিন দিনের সফরে বুধবার ওয়াশিংটনে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনের অদূরে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বিদেশি কোনো নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে মার্কিন প্রেসিডেন্টের এমন উপস্থিতি বিরল ঘটনা। সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা করমর্দন করেন এবং সংক্ষিপ্ত কথা বলেন।
সফরের শুরুতে এক লিখিত বিবৃতিতে শি জিনপিং বলেন, "চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হিসেবে কাজ করা।" চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের ‘মহান পুনর্জাগরণ’ এবং ট্রাম্পের ‘আমেরিকাকে আবার মহান করে তোলা’ - এই দু'টি লক্ষ্য পরস্পরের পরিপূরক হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে গত মে মাসে বেইজিং সফরে ট্রাম্পকে আতিথ্য দিয়েছিলেন শি জিনপিং।
চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ছোটখাটো বিষয়ের বদলে দুই দেশ বড় কোনো চুক্তি করতে পারে কি না, তা যাচাই করা হচ্ছে। এ কারণেই বুসান চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্টিমসন সেন্টারের চায়না প্রোগ্রামের পরিচালক ইউন সান আল জাজিরাকে বলেন, "যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ইতিহাসে এমন নজির নেই যেখানে এক বছরের মধ্যে দুই দেশের শীর্ষ নেতারা একে অপরের দেশ সফর করেছেন।" তাঁর মতে, মাত্র ১২ মাস আগেও দুই দেশ যেখানে শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করছিলো, সেখানে বর্তমান স্থিতিশীলতা অত্যন্ত ইতিবাচক। তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের অন্যতম লক্ষ্য হতে পারে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ আটকে দেওয়া বা বিলম্বিত করা।
//আইই//
