কন্টেইনার দিয়ে রাজধানী অবরুদ্ধ করলো পাকিস্তান সরকার
সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের রবিবারের (২৭ সেপ্টেম্বর) বিক্ষোভের আগে রাজধানী ইসলামাবাদের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলো কন্টেইনার দিয়ে অবরুদ্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুই স্তরে কন্টেইনার সাজিয়ে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে রাজধানীর সংযোগকারী পথগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং কন্টেইনারের ফাঁক দিয়ে মোটরসাইকেল চালকদের যাতায়াত করতে দেখা গেছে।
আগামী রবিবারের বিক্ষোভ কেন্দ্র করে চলতি সপ্তাহের শুরু থেকেই কড়াকড়ি বাড়িয়েছে সরকার। এর অংশ হিসেবে ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ অধ্যাদেশের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সংগঠিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়। এছাড়া রাজধানী ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলা থেকে পিটিআইয়ের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও কর্মীকে আটক করা হয়েছে। পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, দলের প্রায় ১ হাজার ৫০০ কর্মীকে আটক করা হয়েছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ ও ধরপাকড় নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রতিনিধি বাবু রাম পান্ত বলেন, "ইমরান খানের পরিবার ও পিটিআইয়ের কর্মীদের লক্ষ্য করে এ ধরনের পদক্ষেপ তাদের স্বাধীনতা, মতপ্রকাশ, সংগঠন করা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের স্পষ্ট লঙ্ঘন।"
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ৭৩ বছর বয়সি ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলা রয়েছে। তবে তাঁর দল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
//আইই//
