জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন এই উদ্যোগে মৌসুমি শ্রমিক সংকটের আশঙ্কা কমায় স্বস্তি ফিরেছে দেশটির কৃষক ও খামার মালিকদের মধ্যে।
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হবে। এই সময়ে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।
সম্প্রতি অভিবাসী সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়ার পর ভিসা প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়। কয়েক দিনে ভিসা পাওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে কয়েক মাস সময় লাগছিলো। এতে ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকটের আশঙ্কা তৈরি হয়।
কৃষি খাতের জন্য এখন বিশেষ ব্যবস্থা চালু করেছে সরকার। কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে বিদেশি শ্রমিকদের দ্রুত ভিসার আবেদন করতে পারবে। কৃষক সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে প্রয়োজনীয় দক্ষতা রয়েছে এবং কোনো খামার মালিকের সঙ্গে আগে থেকেই চুক্তিবদ্ধ এমন বিদেশি শ্রমিকদের ভিসায় অগ্রাধিকার দেওয়া হবে।
/শান্ত/
