জাতিসংঘে জাইমা রহমানের কাজ কী, বেতন কতো?
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাইমা রহমান যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিবিষয়ক পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি করেছেন এবং ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। বাংলাদেশেও আইন পেশায় কাজের জন্য তিনি যোগ্যতা সম্পন্ন করছেন।
জাতিসংঘের তালিকায় তার দায়িত্বের নির্দিষ্ট পরিধি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তবে লিগ্যাল অফিসার হিসেবে তিনি সভাপতির কার্যালয়ের আইন ও নীতিসংক্রান্ত কাজে যুক্ত থাকবেন।
জাইমা রহমানের পদটি জাতিসংঘের নিয়মিত পেশাদার ক্যাটাগরির কোন গ্রেডে পড়ছে, তা প্রকাশিত হয়নি। ফলে তার নির্দিষ্ট বেতনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ২০২৬ সালের আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) বেতন কাঠামোতে পি-১ থেকে পি-৫ পর্যন্ত পেশাদার গ্রেড রয়েছে। পি-১ গ্রেডের বার্ষিক নেট বেস বেতন ৪৩ হাজার ৮৩৪ থেকে ৫৯ হাজার ৬১৭ মার্কিন ডলার। তবে এটি জাইমা রহমানের বেতন নয়; তার গ্রেড ও ধাপ প্রকাশ না হওয়ায় এই তথ্য দিয়ে তার পারিশ্রমিক নির্ধারণ করা যায় না।
জাতিসংঘের কর্মকর্তাদের তালিকায় জাইমা ছাড়াও বাংলাদেশি হিসেবে আবদুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লার নাম রয়েছে।
/শান্ত/
