সৌদিতে হুথিদের হামলায় বাংলাদেশের সজিব নিহত
সংগৃহীত ছবি
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) ওই হামলায় তাঁর মৃত্যু হয়। নিহত সজিবের বাড়ি কুমিল্লা জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।
এই মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই হামলার তীব্র নিন্দাও জানানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবারের সদস্য এবং তাঁর সৌদি নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। সজিবের পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
//আইই//
