মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ৪৫০ অভিযোগ
মালয়েশিয়ায় বৈধভাবে কলিং ভিসায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের অনেকেই নিয়োগ-সংক্রান্ত ঋণ, বকেয়া বেতন, ভিসা জটিলতা ও দেশে ফেরার সমস্যায় পড়ছেন। ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়া শুরুর পর থেকে এসব বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে প্রায় ৪৫০টি অভিযোগ জমা পড়েছে।
হাইকমিশন জানিয়েছে, এর মধ্যে ৩৩০টির বেশি অভিযোগ নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যে মধ্যস্থতা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সমাধান করা হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেতন পরিশোধে বিলম্ব বা বকেয়া, ভিসা নবায়ন, নিয়োগসংক্রান্ত জটিলতা ও কর্মসংস্থান নিয়ে বিরোধ। অনেক শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার আগে বড় অঙ্কের অর্থ খরচ করে ঋণগ্রস্ত হন। প্রতিশ্রুত চাকরি বা বেতন না পেলে সেই ঋণের চাপ আরও বাড়ে।
শ্রমিকদের অভিযোগ, দেশে থাকাকালে চাকরি, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, বাস্তবে অনেক সময় তার সঙ্গে মিল থাকে না। ফলে নতুন কর্মীরা সমস্যায় পড়লেও কোথায় দ্রুত প্রতিকার পাবেন, তা বুঝতে পারেন না।
/শান্ত/
