স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, বাড়লো রুপা-প্লাটিনামের দামও
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বিনিয়োগকারীরা ফেডের সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করায় মূল্যবান ধাতুটির বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে, গতকাল বুধবার একপর্যায়ে স্বর্ণের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিলো।
তবে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘তেলের দাম এখন নজর রাখার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করতে পারে। তবে তা না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।’
তিনি আরও বলেন, স্বর্ণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কারিগরি বাজার পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। ফেডের কঠোর নীতির বার্তা ইতোমধ্যেই বাজারদরে অনেকটাই প্রতিফলিত হয়েছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
//রুশা//
