৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু
টহল দিচ্ছে বিজিবি
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ২:০১:০৮
সরকার পতনের একদফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত লাগাতার সড়কপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতও ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে। এদিকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলের তৃণমূল নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন বিএনপি’র হাইকমান্ড। সারা দেশে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়েছেন বিএনপি’র শীর্ষ নেতা। এ ছাড়া দায়িত্বশীল নেতাদের মাঠে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি। পাশাপাশি র্যাবেরও সতর্ক অবস্থানে থাকার কথা রয়েছে। এদিকে অবরোধের আগেই রাতে গাজীপুর ও চট্টগ্রামে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আর চট্টগ্রামের দামপাড়ায় রাতে একটি খালি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
