বিশ্বকাপ খেলতে আয়োজকদের সামনে কঠিন শর্ত ইরানের
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে রাজি হলেও নিরাপত্তা, ভিসা ও জাতীয় মর্যাদা নিয়ে একাধিক শর্ত দিয়েছে ইরান।
প্রকাশিত : ১৪ মে ২০২৬, ৬:৪৮:৫৮
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তবে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে আয়োজক দেশগুলোর কাছে বেশ কিছু শর্তও দিয়েছে তেহরান।
ইরান ফুটবল ফেডারেশন তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত থাকলেও দেশের আদর্শ, সংস্কৃতি ও বিশ্বাসের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। যুদ্ধ পরিস্থিতির কারণে টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে তা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।
ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আয়োজকদের কাছে ১০টি শর্ত তুলে ধরা হয়েছে। এসব শর্তের মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ভিসা নিশ্চিতে সহযোগিতা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ইরান আরও দাবি করেছে, বিমানবন্দর থেকে শুরু করে হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের পুরো সময়জুড়ে দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটি।
বিশ্লেষকদের মতে, গত মাসে ফিফা কংগ্রেসের আগে কানাডায় ইরান ফুটবল ফেডারেশনের প্রধানের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাই মূলত নতুন উত্তেজনার জন্ম দেয়। তার বিরুদ্ধে আইআরজিসি-সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
