৪ বছর পর বিদায়, আবেগঘন বার্তায় স্মৃতি তুলে ধরলেন ক্যাবরেরা
সাফল্য, চ্যালেঞ্জ ও স্মৃতির কথা তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন সাবেক কোচ
প্রকাশিত : ১৪ মে ২০২৬, ৬:৫৩:২১
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন শেষ করে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বাংলাদেশ দল মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টি জয়, ১০টি ড্র এবং ১৯টি ম্যাচে পরাজয় আসে। তার সময়েই দীর্ঘ বিরতির পর দল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে এবং দুই দশকের বেশি সময় পর ভারতের বিপক্ষে জয় পায়।
বিদায়ী বার্তায় ক্যাবরেরা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তার সময়টুকু ছিল স্মরণীয় এবং প্রতিটি মুহূর্ত ছিল গুরুত্বপূর্ণ। তিনি মাঠের অভিজ্ঞতা, দর্শকদের সমর্থন এবং দলের সঙ্গে কাটানো সময়ের কথা উল্লেখ করেন।
এছাড়া তিনি উল্লেখ করেন, তার সময়েই জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ তৈরি হয়েছে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের একাধিক খেলোয়াড়ের অভিষেকের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
