এফ-কমার্সে শুধু পণ্য বিক্রি নয়, অর্জন করতে হয় গ্রাহকের বিশ্বাসও: রুবাইদা রাখী
ঘরোয়া খাবারের প্রতি ভালোবাসা থেকেই উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু রুবাইদা রাখীর। নিজের তৈরি ও পছন্দের মানসম্মত খাবার মানুষের কাছে পৌঁছে দিতে গড়ে তুলেছেন ‘ভর্তা বাহার’ নামের ফেসবুক পেজ। ছোট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে তার উদ্যোগ। পণ্যের মান, গ্রাহকের অভিমত ও সরাসরি যোগাযোগকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন নিজের ব্যবসা। এফ-কমার্সের নানা চ্যালেঞ্জ, গ্রাহকের আস্থা অর্জন, পণ্য নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওএসবি নিউজের সঙ্গে কথা বলেছেন উদ্যোক্তা রুবাইদা রাখী। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত।
ওএসবি নিউজ: এফ-কমার্সে আসার পেছনের মূল অনুপ্রেরণা কী ছিলো? প্রচলিত দোকানের বদলে ফেসবুক প্ল্যাটফর্মকে বেছে নিলেন কেন?
রুবাইদা রাখী: এফ-কমার্সে আসার মূল অনুপ্রেরণা ছিলো নিজের তৈরি ভালো মানের খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি মনে করি, ব্যবসা শুরু করতে শুরুতেই বড় দোকান বা বিপুল বিনিয়োগের প্রয়োজন নেই। ভালো পণ্য, মান ও গ্রাহকের আস্থা; তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফেসবুককে বেছে নেওয়ার কারণ, এটি খুব সহজে মানুষের কাছে পৌঁছানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, তাদের অভিমত নেওয়া যায় এবং সেই অনুযায়ী পণ্য বা সেবায় পরিবর্তন আনা যায়। আমার কাছে গ্রাহকের সঙ্গে এই সরাসরি যোগাযোগই ফেসবুকের সবচেয়ে বড় সুবিধা।
ওএসবি নিউজ: আপনার ব্যবসার জন্য পণ্য কিভাবে নির্বাচন করেন? গ্রাহকের কাছে সঠিক ও মানসম্মত পণ্য পৌঁছানো কিভাবে নিশ্চিত করেন?
রুবাইদা রাখী: পণ্য নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই দেখি, আমি নিজে সেটির মান নিয়ে কতটা আত্মবিশ্বাসী এবং গ্রাহকের জন্য তা কতোটা ভালো হবে। খাবারের ক্ষেত্রে স্বাদের পাশাপাশি উপকরণের মান, সতেজতা ও পরিচ্ছন্নতার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।
আরেকটি বিষয় সবসময় অনুসরণ করি, সেটি হলো গ্রাহকের অভিমত। তারা কী পছন্দ করছেন, কোথায় উন্নতির সুযোগ রয়েছে, কোন খাবার বেশি জনপ্রিয়; এসব বিষয় নিয়ে পাওয়া অভিমত থেকেই অনেক সময় নতুন পণ্য বা মেনু যুক্ত করার সিদ্ধান্ত নেই। কারণ আমার কাছে একজন গ্রাহকের একবারের অর্ডারের চেয়ে তিনি আবার ফিরে এসে অর্ডার করছেন কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
ওএসবি নিউজ: ফেসবুকের অ্যালগরিদম পরিবর্তন বা পেজের রিচ কমে যাওয়ার মতো চ্যালেঞ্জের মুখে আপনার বিপণন কৌশল কী থাকে? গ্রাহকদের বিশ্বস্ততা কিভাবে ধরে রাখেন?
রুবাইদা রাখী: ফেসবুকের রিচ বা অ্যালগরিদম সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই আমি শুধু বিক্রয়কেন্দ্রিক পোস্টের ওপর নির্ভর করি না। নিয়মিত কনটেন্ট, খাবারের ছবি, খাবার তৈরির পেছনের গল্প, গ্রাহকের অভিমত ও নতুন মেনু; এই ধরনের কনটেন্টের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। সত্যি বলতে, আমার কাছে সবচেয়ে কার্যকর বিপণন হলো একজন সন্তুষ্ট গ্রাহকের রিভিউ। একজন গ্রাহক খাবার ভালো পেয়ে যদি তার পরিচিত আরও কয়েকজনকে আমাদের সম্পর্কে বলেন, সেটি অনেক বড় প্রচার। তাই গ্রাহকসেবা, খাবারের মান ও যোগাযোগের ওপর আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। অ্যালগরিদম হয়তো কোনো সময় রিচ কমিয়ে দিতে পারে, কিন্তু গ্রাহকের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে গেলে সেটি সহজে হারিয়ে যায় না।
ওএসবি নিউজ: পণ্য ডেলিভারির ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি (সিওডি) এবং রিটার্ন সামলাতে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়? সেগুলো কিভাবে সমাধান করেন?
রুবাইদা রাখী: ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, অনেক সময় গ্রাহক শেষ মুহূর্তে অর্ডার বাতিল করেন কিংবা পণ্য গ্রহণ করেন না। খাবারের ব্যবসায় বিষয়টি আরও চ্যালেঞ্জিং, কারণ খাবার তৈরি হয়ে যাওয়ার পর সেটি সবসময় অন্য গ্রাহকের কাছে দেওয়া সম্ভব হয় না। তাই অর্ডার নিশ্চিত করার সময় গ্রাহকের সঙ্গে পরিষ্কারভাবে যোগাযোগ রাখার চেষ্টা করি। অর্ডারের বিস্তারিত তথ্য এবং ডেলিভারি সংক্রান্ত বিষয়গুলো আগেই নিশ্চিত করে নেই। খাবারের ক্ষেত্রে সাধারণ পণ্যের মতো রিটার্ন সবসময় সম্ভব নয়। কোনো গ্রাহকের অভিযোগ থাকলে প্রথমে তার কথা শুনি এবং সমস্যাটি বোঝার চেষ্টা করি। প্রয়োজন হলে রিপ্লেসমেন্ট বা পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সমাধান দেওয়ার চেষ্টা করি।
ওএসবি নিউজ: আপনার এই উদ্যোগ নিয়ে আগামী তিন থেকে পাঁচ বছরের পরিকল্পনা কী? যারা নতুন করে এফ-কমার্স শুরু করতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কী?
রুবাইদা রাখী: আগামী তিন থেকে পাঁচ বছরে আমার পরিকল্পনা হলো ব্যবসাটিকে আরও পেশাদার ও সুসংগঠিত করা, বড় একটি গ্রাহকভিত্তি তৈরি করা। অনলাইন খাবার সরবরাহের পাশাপাশি ক্যাটারিং ও বিভিন্ন ইভেন্টভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা। যারা নতুন করে এফ-কমার্স শুরু করতে চান, তাদের বলব-শুরুতেই অনেক বড় কিছু করার চিন্তা না করে ছোট পরিসরে শুরু করুন। একটি ভালো পণ্য বা নির্দিষ্ট একটি ক্ষেত্র নিয়ে কাজ করুন এবং পণ্যের মানের সঙ্গে কখনো আপস করবেন না।
শুরুর দিকে অনুসারী বা অর্ডার কম আসতেই পারে। তাই হতাশ না হয়ে গ্রাহকের মতামত নিন, ভুল থেকে শিখুন এবং ধীরে ধীরে ব্যবসাকে এগিয়ে নিন।
/শান্ত/
