গরম ভাত-ডালে লেবু চিপে খেলে কতটা পুষ্টি মিলবে?
গরম ভাত কিংবা ডালে লেবু চিপে খাওয়া বাঙালির খাবারের পরিচিত অভ্যাস। স্বাদ বাড়ানোর পাশাপাশি ভিটামিন সি পাওয়ার আশায় অনেকেই নিয়মিত পাতে লেবু রাখেন। কিন্তু ধোঁয়া ওঠা গরম খাবারে লেবুর রস মেশালে কি ভিটামিন সি ঠিকভাবে শরীরে পৌঁছায়?
পুষ্টিবিজ্ঞানীদের মতে, ভিটামিন সি অত্যন্ত সংবেদনশীল একটি পুষ্টি উপাদান। অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে এর রাসায়নিক গঠন ভেঙে যায় এবং পুষ্টিগুণ কমে যায়।
‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়া ওঠা গরম ডাল কিংবা ভাতে লেবু চিপে খেলে উচ্চ উষ্ণতার কারণে লেবুর রসে থাকা ভিটামিন সি-র বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে। ফলে লেবুর স্বাদ ও গন্ধ পাওয়া গেলেও প্রত্যাশিত পরিমাণ ভিটামিন সি শরীরে নাও পৌঁছাতে পারে।
ডালভাতে লেবুর পুষ্টিগুণ পেতে খাবার প্লেটে পরিবেশনের পর কিছুটা ঠান্ডা হলে লেবুর রস মেশানোর পরামর্শ দেওয়া হয়েছে। রান্নার সময় হাঁড়িতে লেবুর রস দেওয়াও ঠিক নয়। এতে ভিটামিন সি নষ্ট হওয়ার পাশাপাশি ডাল তিতকুটে হয়ে যেতে পারে।
এ ছাড়া শসা, টমেটো ও পেঁয়াজের মতো সালাদের ওপর লেবুর রস ছড়িয়ে খেলেও ভিটামিন সি পাওয়ার সুযোগ থাকে।
//রুশা//
