হাতিয়ায় এক ট্রলারে ৬০ মণ ইলিশ
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। ছয় দিন সাগরে অবস্থানের পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ট্রলারটি চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। পরে মাছগুলো তিন ধাপে নিলামে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, আব্দুর রহিম মাঝির নেতৃত্বে ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। ছয় দিন পর বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ঘাটে ফেরার পর মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে তিন ধাপে নিলামে বিভিন্ন ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।
ট্রলারের মাঝি আব্দুর রহিম বলেন, এবার একসঙ্গে এত ইলিশ পাওয়ায় তারা সবাই খুশি। দীর্ঘ সময় সাগরে থাকার খরচ ও শ্রমের পর ভালো মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আড়ত মালিক সাইফুল ইসলাম বলেন, প্রায় ৬০ মণ ইলিশ তিন ধাপে নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকার মতো। একসঙ্গে এত মাছ আসায় ব্যবসায়ীরাও আশাবাদী।
হাতিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ফয়জুর রহমান বলেন, এ সময়ে সাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরার পাশাপাশি জাটকা সংরক্ষণ ও নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান তিনি।
/শান্ত/
