শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক
বরিশালের সদর উপজেলায় বউ-শাশুড়ির ঝগড়া ও হাতাহাতির পর রুনু বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুনু বেগম ওই গ্রামের খলিল পেশকারের স্ত্রী। ফাতেমা তার ছেলে রেদওয়ান পেশকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সকালে রুনু ও ফাতেমার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এই সময় রুনু ফাতেমার একটি আঙুল কামড়ে ধরলে ফাতেমা তার গলা চেপে ধরেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই রুনুর মৃত্যু হয়।
খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফাতেমাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
কাউনিয়া থানার ওসি সঞ্জিৎ চন্দ্র নাথ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
