‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রব্বি মন্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (২৭) বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈল গ্রামের বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রব্বি মন্ডল বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মন্ডলের ছেলে। প্রায় ১০ বছর আগে ফারজানার সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে বাড়ি ফিরে রব্বি ঘুমিয়ে পড়েন। এই সময় তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার পর মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান ফারজানা। সেখানে রক্তমাখা অবস্থায় তাকে দেখে তার বাবা বিষয়টি রব্বির পরিবারকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে রব্বির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ফারজানাকে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ফারজানা দাবি করেছেন, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ফারজানা অন্তঃসত্ত্বা ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। স্বামীর মাদক সংশ্লিষ্টতার কারণেও তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো বলে জানা গেছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্ত্রী স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/শান্ত/
