কাপ্তাই লেকের পানি বাড়ায় খোলা হলো ১৬ জলকপাট
কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে স্পিলওয়ের প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি ও ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
