নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিললো শিশুর বস্তাবন্দি মরদেহ
মোছা. কামরুন্নাহার কলি।
পাবনায় নিখোঁজের ৭ দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের (৪০) মেয়ে।
শিশুটির বাবা কামাল প্রামাণিক বলেন, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমার মেয়ে নিখোঁজ হয়। এরপর থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, থানায় জিডি করেছি। আমার মেয়েকে কারা হত্যা করেছে, কারা আমাদের এতো বড় সর্বনাশ করলো-তা জানতে চাই। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত-এসব বিষয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
// ইমরান//
