মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিললো অপ্রতীমের লাশ
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বেরিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম। এরপর নিখোঁজ হয় সে। একদিন পর ক্যাম্পাসের পাশের জঙ্গল থেকে মিললো তার মরদেহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতীমের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপ্রতীমের সন্ধানে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইলের অবস্থান শনাক্তের পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়।
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা অপ্রীতমের লাশ উদ্ধারে ঘটনাস্থলে আছি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’
//রুশা //
