নাইকি ছেড়ে কার সঙ্গে যুক্ত হলেন এমবাপে?
দুই দশকের সম্পর্কের ইতি টেনে নাইকিকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে। সুইজারল্যান্ডের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অন’-এর সঙ্গে নতুন চুক্তি করেছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
মাত্র ৮ বছর বয়সে নাইকির সঙ্গে যুক্ত হয়েছিলেন এমবাপে। ক্যারিয়ারের শুরু থেকে মোনাকো, পিএসজি হয়ে রিয়াল মাদ্রিদে ওঠার পথেও প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান দূত ছিলেন তিনি। বিশেষ করে নাইকির ‘মারকিউরিয়াল’ বুটের প্রচারে নিয়মিত দেখা গেছে তাকে। গত ৩১ জুলাই নাইকির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তির মাধ্যমে এবার সেই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
‘অন’-এর সঙ্গে শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করবেন না এমবাপে। ভবিষ্যতের ফুটবল বুট ও পোশাক তৈরিতেও প্রতিষ্ঠানটির পণ্য দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন তিনি। মূলত দৌড়ের জুতা ও পোশাকের জন্য পরিচিত ‘অন’ এবার ফুটবলে প্রবেশ করছে। ২০১৯ সালে টেনিস কিংবদন্তি রজার ফেদেরার প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী ও কৌশলগত অংশীদার হন। ফুটবল বিভাগের পরিচালক হিসেবে সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিকেও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৭ সালে প্রথম ফুটবল বুট ও অন্যান্য ফুটবল পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে ‘অন’-এর।
/শান্ত/
