জেলের জালে ৩৩ কেজির বাঘাআইড়, কতো টাকায় বিক্রি হলো
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ৩৩ কেজির বাঘাআইড় মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে ৭৯ হাজার ২০০ টাকায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
সেকেন হালদার জানান, সকালে দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যান তিনি। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে মাছের দেখা না পেয়ে হতাশ হয়ে যান। দুপুরের দিকে পদ্মা যমুনার মোহনায় জাল ফেলেন। সেখান থেকে জাল তুলতেই দেখা মেলে বিশাল আকৃতির বাঘাআইড়।
মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। মুঠোফোনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন তিনি।
বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বাঘাআইড় একটি সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। এই মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন সবই নিষিদ্ধ। আইনে রয়েছে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান।
// ইমরান//
