‘মাদকের’ টাকার জন্য সন্তান বিক্রির চেষ্টা, ৯৯৯ এ খবর পেয়ে উদ্ধার
‘মাদকের’ টাকা জোগাড় করতে চট্টগ্রামে এক যুবক নিজের ২০ মাস বয়সি সন্তানকে ‘বিক্রি করে দেওয়ার চেষ্টা’ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নম্বরে মায়ের ফোন পেয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, ট্রাক হেলপার লোকমান হোসেন সাগর (২৭) ও গৃহ পরিচারিকা সীমা আক্তার দম্পতির একমাত্র সন্তান ২০ মাসের ফাতেমা আক্তার। নগরীর পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাঙ্ক এলাকায় তাদের বাসা।
সীমা আক্তারের অভিযোগ, তার স্বামী সাগর ‘মাদকাসক্ত’। শনিবার রাতে সাগর তার কাছ থেকে মাদক সেবনের টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় জোর করে তার ২০ মাস বয়সি শিশুটিকে ‘বিক্রি করে দেওয়ার কথা বলে’ ঘর থেকে নিয়ে যান সাগর।
ওসি বলেন, সাগর বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন। সীমা তখন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বিষয়টি জানানোর পর পুলিশ অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় যুগী চাঁদ মসজিদ এলাকায় তার সবশেষ অবস্থান শনাক্ত করা হয়। রাত সাড়ে ১১টার শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
যে বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেটি সাগরের খালাত ভাইয়ের বাসা। ওসি একরাম উল্লাহ বলেন, সাগর তার খালাত ভাইকে গিয়ে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তখন তার খালাতো ভাই কৌশলে সাগরের কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হেফাজতে রেখে দেন।
সীমা আক্তার অভিযোগ করলেও সন্তান উদ্ধারের পর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি বলে জানিয়েছে পুলিশ।
// ইমরান//
