সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই: রিজভী
দেশ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ বা চাটুকার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে রাজপথের প্রতিটি মোড়ে ও প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতিসংঘে দেওয়া বক্তব্যে সারা বিশ্বের মানুষের মনের কথাই তুলে ধরেছেন তিনি। এই দূরদর্শী বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ বাঁধলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যায়। পাশাপাশি বিদ্যুৎহীনতা, কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বৃদ্ধি পায়।
রিজভী আরও বলেন, বিএনপি কোনো সাজানো, মিডনাইট কিংবা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। দীর্ঘ লড়াইয়ের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও জোট সরকার আজ দেশ পরিচালনা করছে।
//রুশা//
