দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ২১ নেতা, বৈঠকে উঠলো যেসব বিষয়
দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ নেতার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দলটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়।
জানা যায়, রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে আলাদা আলাদা গাড়িতে প্রায় একই সময়ে ক্রিম রঙের তিনতলা একটি ভবনে পৌঁছান নেতারা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যুক্ত হন। কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে নেই, তবে ভবিষ্যতে নেতৃত্বে আসতে পারেন—এমন কয়েকজনও দিল্লির বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র বলছে, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিকল্পনা এবং আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃত্বে আনার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। পুতুল সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।
পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরও দুই নেতাকে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় থাকার কথা জানিয়েছে দলীয় সূত্র।
//রুশা//
