যে দোয়া পড়লে মিলবে জান্নাতের সুসংবাদ
আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে মেনে সন্তুষ্ট থাকার ঘোষণা দেওয়া একটি গুরুত্বপূর্ণ দোয়া। হাদিসে এ দোয়ার বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে।
দোয়াটি হলো—
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً
উচ্চারণ: রাজিতু বিল্লাহি রাব্বান, ওয়া বিল-ইসলামি দীনান, ওয়া বি-মুহাম্মাদিন রাসুলান।
অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (সা.)-কে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট।
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি এই কথাগুলো বলে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। (সুনানে আবু দাউদ: ১৫২৯)
দোয়াটিতে মূলত ঈমানের ৩টি মৌলিক বিষয়ের প্রতি সন্তুষ্টি ও অঙ্গীকার প্রকাশ করা হয়। আল্লাহকে রব হিসেবে মেনে তাঁর সিদ্ধান্ত ও বিধানের ওপর সন্তুষ্ট থাকা, ইসলামকে জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করা এবং মহানবী (সা.)-এর দেখানো পথ ও সুন্নাহ অনুসরণ করার প্রত্যয় এতে প্রকাশ পায়।
তবে শুধু মুখে উচ্চারণ নয়, এর অর্থ ও দাবিকে বিশ্বাস করে জীবনে বাস্তবায়ন করাই দোয়াটির মূল শিক্ষা। ঈমান, আমল ও আল্লাহর আনুগত্যের সঙ্গে এই দোয়া মুমিনের বিশ্বাসকে আরও দৃঢ় করার একটি মাধ্যম হতে পারে।
/শান্ত/
