এশিয়ান গেমসে মালদ্বীপকে হারিয়ে বিচ ভলিবলে বাংলাদেশের জয়
সংগৃহীত ছবি
জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে মালদ্বীপকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের পুরুষ বিচ ভলিবল দল। পুল ‘এইচ’-এর ম্যাচে রাকেশ ও রাতুল জুটি ২-১ সেটে জয় পায়।
মালদ্বীপের নাসিম আদম ও সাজিদ ইসমাইলের বিপক্ষে লড়াইয়ের প্রথম সেটে ১৩-২১ পয়েন্টে পিছিয়ে পড়েছিলো বাংলাদেশ। তবে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ায় রাকেশ-রাতুল জুটি। পরের দু'টি সেটে ২১-১৯ ও ১৭-১৫ পয়েন্টে জয় তুলে নিয়ে তারা ম্যাচের ফল নিজেদের পক্ষে আনে।
এর আগে পুল ‘এইচ’-এ নিজেদের প্রথম দু'টি ম্যাচে জাপান ও ইরানের কাছে ০-২ সেটে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। জাপানের বিপক্ষে ম্যাচটিতে তারা ১১-২১ ও ১৫-২১ পয়েন্টে হেরেছিলো। এছাড়া ইরানের বিপক্ষে ম্যাচে ১৩-২১ ও ১২-২১ পয়েন্টে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো তাদের।
//আইই//
