এগিয়ে গিয়েও জেতা হলো না আবাহনীর, ড্র দিয়ে শুরু ফেডারেশন কাপ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপেও জয়হীন যাত্রা শুরু হলো ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নবাগত চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মারুফুল হকের দল।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে লিড নেয় আবাহনী। এই গোলের পর আকাশি-নীল শিবিরের শিবিরে জয়ের আশা জাগলেও সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি।
গোল হজম করার ১১ মিনিট পর চট্টগ্রাম সিটি এফসিকে সমতায় ফেরান রাফায়েল। বাকি সময়ে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এদিকে ফেডারেশন কাপের 'এ' গ্রুপের তিনটি ম্যাচই এখন পর্যন্ত ড্রয়ের মুখ দেখেছে। এর আগে ২২ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিলো ফকিরেরপুল ইয়ংমেনস। আর ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের ম্যাচটি শেষ হয়েছিলো গোলশূন্য ড্রয়ে। আগামী ২৪ নভেম্বর ইয়ংমেনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আবাহনী।
//আইই//
