মালয়েশিয়ার কাছে হেরে যা বললেন কোচ টমাস ডুলি
ছবি: বাফুফে
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়া'র জাকার্তায় আজ মালয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচে শুরু থেকেই পিছিয়ে ছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে শুরু থেকে রক্ষণাত্মক কৌশল বেছে নেয় বাংলাদেশ। তবে ১৮ মিনিটে রক্ষণের ভুলে প্রথম গোল হজম করতে হয় তাদের। এরপর প্রথমার্ধেই ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুলে দ্বিতীয় গোল পায় মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেও জাল কাঁপায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি হামজা-সমিতরা। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ দল মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে ছিলো।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি জানান, দলের খেলোয়াড়দের নিয়ে তাঁর কোনো ক্ষোভ নেই। তিনি বলেন, "স্পষ্টতই আজ আমরা যে স্বপ্নের আশা করেছিলাম এটা সেরকম কিছু ছিলো না, তবে এটি ছিলো একটি বাস্তবসম্মত ম্যাচ। আমরা দেখতে পেলাম যে আমাদের এবং তাদের মধ্যে মূল পার্থক্যটা হলো অ্যাকুরেসি, টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।"
কোচ আরও বলেন করেন, "সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট। তবে আমি এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ বা ৩-০ গোলে হারিয়ে দেবো- এমন প্রত্যাশা করি না। আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলেছি যারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, এবং খেলাটাই এমন। তাদের এবং আমাদের মধ্যকার পার্থক্যটা আজকের ম্যাচে আপনারা দেখতেই পেয়েছেন। সুতরাং খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়ে আমার কিছু বলার নেই। তারা সবাই চেষ্টা করেছে।?
খেলোয়াড়দের দীর্ঘ দিন ঘরোয়া লিগ ও খেলার মধ্যে না থাকার বিষয়টিও তুলে ধরেন কোচ। তাঁর মতে, নিয়মিত ম্যাচ খেলার বাইরে থাকায় মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে কাজটা কঠিন ছিলো। ৬০ মিনিট পর হামজা চৌধুরী দু'টি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে চান ডুলি।
//আইই//
