বাজে পারফরম্যান্সের প্রভাব, কম দামে সম্প্রচার স্বত্ব বিক্রি করলো পিসিবি
সংগৃহীত ছবি
পাকিস্তান ক্রিকেট দলের টানা বাজে পারফরম্যান্স ও দর্শক আগ্রহ কমে যাওয়ার প্রভাবে বড় ধরনের আর্থিক ধাক্কা খেলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে আসন্ন ২৫টি আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্বের নির্ধারিত রিজার্ভ মূল্য ছিলো ৬০ কোটি পাকিস্তানি রুপি। আগ্রহীর অভাবে শেষ পর্যন্ত ২৫ কোটি রুপি কমিয়ে মাত্র ৩৫ কোটি রুপিতে পিটিভি'র কাছে সেই স্বত্ব বিক্রি করতে বাধ্য হয়েছে পিসিবি।
দরপত্রে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম পিটিভি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও এক্সপ্রেস উর্দুর প্রতিবেদনে জানানো হয়েছে। এই চুক্তির আওতায় মোট ২৫টি ম্যাচ রয়েছে, যার মধ্যে ৫টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার মূল কারণ হিসেবে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে চিহ্নিত করা হচ্ছে।
৩ সংস্করণ মিলিয়ে খেলা সর্বশেষ ১৫টি ম্যাচের মধ্যে বাবর আজম ও শাহিন আফ্রিদিরা জয় পেয়েছেন মাত্র ৫টিতে। একই সঙ্গে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে ম্যাচগুলো নিয়ে দর্শকদের সীমিত আগ্রহও সম্প্রচারকদের অনাগ্রহের কারণ হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা ও পুরোনো বকেয়া পরিশোধ না করায় দরপত্রে অংশ নেয়নি বেশ কিছু প্রতিষ্ঠান।
সম্প্রচার স্বত্বে পিসিবি'র এমন দরপতনের ঘটনা এটিই প্রথম নয়। স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে ২০২৪ সালেও ৩২০ কোটি রুপি রিজার্ভ মূল্যের বিপরীতে মাত্র ১৭২ কোটি রুপিতে স্বত্ব বিক্রি করতে হয়েছিলো বোর্ডকে।
//আইই//
