শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারলো বাংলাদেশ
সংগৃহীত ছবি
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ম্যাচেই অবশ্য হারের মুখ দেখতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে শেষ বলের নাটকীয়তায় জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ওপেনার মাইমুনা নাহের মাত্র ১ রান এবং বিবি আয়েশা কোনো রান না করেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার জান্নাত করেন ১৬ রান। শুরুর এই ধাক্কা সামাল দেন অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। চতুর্থ উইকেটে এই দু'জনের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। নিশি ২৬ রান করে রান আউট হলেও সাদিয়া খেলেন চমৎকার ইনিংস। তিনি মাত্র ২২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া সাদিয়া আক্তারের ব্যাট থেকে আসে ১৮ রান। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৯ রান।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান দলটিও শুরুতেই উইকেট হারায়। ওপেনার নেটমি উপেক্ষা মাত্র ৪ রান করে বিদায় নেন। দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে জয়ের ভিত শক্ত করে শ্রীলঙ্কা। ওপেনার সাঞ্জানা কাভিন্দি দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন। এছাড়া বালাসুরিয়া ২১ ও মানুদি ১১ রান করে দলের জয় সহজ করেন। শেষ ওভারের শেষ বলের রোমাঞ্চে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শ্রীলঙ্কার মেয়েরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। তিনি দু'টি উইকেট শিকার করেন। এছাড়া ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট লাভ করেন।
//আইই//
