জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
সংগৃহীত ছবি
জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
এই পরাজয়ের ফলে আগামী বছর জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগও হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে হলে এই টুর্নামেন্টে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ আটে উঠেছিলো বাংলাদেশ। ৪ ম্যাচের সবক'টিতে জয় নিয়ে গ্রুপসেরা হয়েছিলো। তবে কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিলো দলটি।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন হিরাই ইয়োশিনো। তৃতীয় কোয়ার্টারে গোল শোধের জন্য কয়েকটি আক্রমণ করলেও সেগুলো থেকে সাফল্য পায়নি বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ায় জাপান। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ।
কোয়ার্টার ফাইনালে হেরে এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কোয়ার্টার ফাইনালে পরাজিত দল।
