টানা ৯৪ ম্যাচ গোল করে বিশ্বরেকর্ড আল নাসরের
সৌদি প্রো লিগে টানা গোল করার বিশ্বরেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে টানা ৯৪ ম্যাচে অন্তত একটি গোল করার কীর্তি গড়েছে তারা।
এর আগে শীর্ষ লিগে টানা ৯৩ ম্যাচ গোল করার রেকর্ড ছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত রেকর্ডটি ধরে রেখেছিলো তারা। আল খালিজের বিপক্ষে ৭২ মিনিটে আব্দুল্লাহ আল-হামদানের গোলে সমতায় ফেরে আল নাসর। ওই গোলেই নিশ্চিত হয় নতুন বিশ্বরেকর্ড।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়া রোনালদোর নেতৃত্বেই এসেছে এই সাফল্য। সৌদি প্রো লিগে ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
তবে রেকর্ডের ম্যাচে পয়েন্ট হারিয়েছে আল নাসর। ফলে লিগে তৃতীয় স্থানে নেমে গেছে দলটি। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে দুই এবং আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা।
এদিকে চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে তার গোলসংখ্যা এখন ৯৭৯।
/শান্ত/
