টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি। এই সিদ্ধান্তের দায় স্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আসিফ নজরুল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?’ শিরোনামে দেওয়া এক পোস্টে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন আসিফ নজরুল।
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী (ক্রীড়া উপদেষ্টা) হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এই কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কী এমন কারণ ঘটল বুঝলাম না।
আসিফ নজরুল বলেন, ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এর পরপরই আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানাই।
দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা ও নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে দাবি করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।
// ইমরান//
