ব্যালন ডি’অরের দৌড়ে মেসিকে এগিয়ে রাখার কারণ জানালেন সিমিওনে
সংগৃহীত ছবি
২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও রদ্রির মতো তারকারা থাকলেও অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের পছন্দ লিওনেল মেসি। লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদ-ওসাসুনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকেই পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেন তিনি।
মেসিকে এগিয়ে রাখার ক্ষেত্রে সিমিওনের অন্যতম কারণ ২০২৬ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স। ৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টুর্নামেন্টে ৮ ম্যাচে তাঁর গোল ৮টি, সঙ্গে ছিলো ৪টি অ্যাসিস্ট।
ইন্টার মায়ামি'র হয়েও গত মৌসুমে দারুণ সময় কাটিয়েছেন মেসি। সব মিলিয়ে ৪৪ গোল ও ৩০ অ্যাসিস্টের পাশাপাশি ক্লাবটির হয়ে এমএলএস কাপ জেতেন তিনি।
মেসিকে নিয়ে সিমিওনে বলেন, ‘নিঃসন্দেহে মেসি। বিশ্বকাপে সে যে পারফরম্যান্স করেছে, তাঁর বয়স বিবেচনায় নিলে কোনো সন্দেহই নেই। মেসি।’
অন্যদিকে ব্যালন ডি’অরের আলোচনায় থাকা ইয়ামাল সর্বশেষ ক্লাব মৌসুমে ১৬ গোল ও ১২ অ্যাসিস্ট করেন। বার্সেলোনা'র হয়ে লা লিগা জয়ের পাশাপাশি লিগের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ে।
এমবাপে অবশ্য দলীয় কোনো শিরোপা জিততে পারেননি। রিয়াল মাদ্রিদও মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি এবং বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেয়। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত ছিলেন এই ফরাসি তারকা। লা লিগায় ২৫, চ্যাম্পিয়ন্স লিগে ১৫ এবং বিশ্বকাপে ১০ গোল করে ৩ প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা হন তিনি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে।
